আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ফরিদপুরের আলফাডাঙ্গায় এইচডিএফবি ফাউন্ডেশনের (HDFB Foundation) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর)সকাল ১১ টার সময়ে উপজেলার পানাইল ইউনাইটেড একাডেমি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ১ হাজার ২০০টি গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে পানাইল ইউনাইটেড একাডেমি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখার ছয় শতাধিক শিক্ষার্থীর হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং পরিবেশ সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া ওই কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় দুটিতে চারটি সিলিং ফ্যান ও লাইব্রেরির জন্য বই প্রদান এবং একটি ট্রি প্লান্টেশন বাগান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বৃক্ষ বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন HDFB Foundation-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সাইফুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সরওয়ার আলম, একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুল রহমান, পানাইল ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক মেহেদি হাসান প্রিন্স, পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম জুলফিকার এবং ইউপি সদস্য সুলতান আহমেদ। এ সময় দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মাদ সাইফুর রহমান বলেন, “আমরা শুধু গাছ লাগাতে চাই না; এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই, যারা পরিবেশের সমস্যা দেখার পাশাপাশি তার সমাধানের অংশ হবে।”
ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পাশাপাশি পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave a Reply