মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাতের সাথে জড়িত কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী চক্রকে গ্রেপ্তার ও শিক্ষকদের আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়ার দাবি সহ ৪ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী শিক্ষকরা।
(১৩ অক্টোবর, মঙ্গলবার) বেলা ৩টায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক বিক্ষোভ মিছিলসহ উপজেলা হিসাবরক্ষণ অফিস, শিক্ষা অফিস ও সোনালী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ সভা পালন করেন। পরে ভুক্তভোগী শিক্ষকরা জেলা প্রশাসক বরাবর নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।
হিসাবরক্ষণ অফিসের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে ভুক্তভোগী একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, সম্প্রতি উপজেলা হিসাবরক্ষণ অফিস, প্রাথমিক শিক্ষা অফিস ও সোনালী ব্যাংক মোরেলগঞ্জ শাখার কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর একটি চক্র শিক্ষকদের জিপিএফ হিসাব থেকে ১০ কোটি টাকারও বেশি ভুয়া ঋণ (লোন) দেখিয়ে উত্তোলন করে আত্মসাৎ করে। এ ঘটনাটি জানাজানি হলে শিক্ষকরা খোঁজ নিয়ে জানতে পারেন যে, একাধিক শিক্ষকের অ্যাকাউন্ট থেকে এই চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। যার প্রেক্ষিতে হিসাবরক্ষণ অফিসের ৪ জন কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত হয়েছেন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল বিষয়টি নিয়ে মাঠে তদন্ত করছে।
ভুক্তভোগী শিক্ষকরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জিপিএফ ফান্ডের টাকা আত্মসাৎকারী বরখাস্তকৃত অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা দায়ের ও গ্রেপ্তারের দাবি জানান। তারা বরখাস্তকৃত হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটরদের মাধ্যমে সংঘটিত ভুয়া ঋণ জালিয়াতির ঘটনায় দ্রুত সময়ের মধ্যে জালিয়াত চক্রের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানান। একই সাথে যে সকল শিক্ষকের অ্যাকাউন্ট থেকে ভুয়া ঋণ দেখানো হয়েছে, অবিলম্বে তা সংশোধন করে জিপিএফ অ্যাকাউন্টের টাকা যথাযথ হিসাব অনুযায়ী ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
এ ছাড়াও ডিজিটাল স্বচ্ছতা নিশ্চিতকরণে জিপিএফ থেকে যেকোনো ঋণ বা অর্থ উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের বায়োমেট্রিক এবং সরাসরি এসএমএস (SMS) বার্তা পাঠানোর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। প্রতিবাদ সভা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে এই ৪ দফা দাবি পেশ করেন বিক্ষোভকারী শিক্ষকরা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— প্রধান শিক্ষক তাসলিম আলম মানজার, এনামুল হক শামীম, মাসুম জাকারিয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মোরেলগঞ্জ শাখার সভাপতি ও প্রধান শিক্ষক জাকির হোসেন মল্লিক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মেরাজুল ইসলাম খসরু এবং সহকারী শিক্ষক সাবিনা আক্তার সহ একাধিক ভুক্তভোগী শিক্ষক।