কুড়িগ্রাম প্রতিনিধি: ৩০-১০-২৬
উত্তরাঞ্চলে জনমানুষের প্রাণের স্পন্দন ভাওয়াইয়া গানের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর এলাকায় ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদের। এতদিন ভাঙা ঘরে স্বপ্ন রচিত হয়েছিল ভাওয়াইয়ার পথচলার। সেখানেই গান শিখে সারাদেশে ছড়িয়ে পরেছে প্রায় তিন শতাধিক ভাওয়াইয়া শিল্পী। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সেই ভাঙা ঘরে আয়োজন করা হয় স্বপ্নের তিনতলা ভবনের নির্মান কাজের উদ্বোধন।

স্থানীয় প্রশাসন, দেশবরেণ্য শিল্পগোষ্ঠী ও ব্যাক্তবর্গের সহায়তায় প্রায় তিনকোটি টাকা ব্যয়ে নির্মান কাজের উদ্বোধন করেন কুড়িগ্রামের ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিন পরিষদের সভাপতি প্রবিণ শিল্পী ও সংগঠক মাহবুবার রহমান মোমিন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজেন্দ্রনাথ সরকার, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী, ভূমিদাতা এনামুর রহমান বিপ্লব, প্রতিষ্ঠাতা সদস্য সচিব জীবন চন্দ্র পাল প্রমুখ। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়।

প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও উত্তরাঞ্চল তথা এপার ও ওপার বাংলার প্রখ্যাত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার এবং বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদের সাধারণ সম্পাদক ভূপতি ভূষণ বর্মা উদ্বোধনী বক্তব্য রাখেন।#