মো:জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

যুবসমাজের দক্ষতা উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সংগঠনকে সনদপত্র প্রদান এবং যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে দুটি সংগঠনকে সনদপত্র এবং দুইজন যুবককে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের কালীবাড়ি চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। এই শক্তিকে যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব। শুধু চাকরির অপেক্ষায় না থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।


বক্তারা আরও বলেন, প্রশিক্ষিত ও দক্ষ যুবসমাজ একটি দেশের অমূল্য সম্পদ। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম তরুণদের কর্মমুখী দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি করছে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি দুইজন যুবককে প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা ঋণ দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে আয়োজিত এ অনুষ্ঠান তরুণদের দক্ষতা অর্জন, উদ্যোক্তা সৃষ্টি, আত্মনির্ভরশীলতা এবং জাতীয় উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে আসে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *