​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেজে নিজস্ব প্রতিবেদক:

“মানুষ মানুষের জন্য”—এই চিরন্তন বাণীটি হৃদয়ে ধারণ করে একটু সহানুভূতি ও চিকিৎসার সাহায্যের আশায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ফরিদপুরের আলফাডাঙ্গার অসহায় হতদরিদ্র আকরাম শিকদার (৬৫)। শ্বাসকষ্ট, ফুসফুস ও কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অর্থাভাবে এখন তিনি প্রায় চিকিৎসাবঞ্চিত। অর্থাভাবে ওষুধ ও খাবার জোগাতে না পেরে নিঃস্ব এই মানুষটি এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সাহায্যের অপেক্ষায় প্রহর গুনছেন।
​আকরাম শিকদার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের নীচুপাড়া গ্রামের মৃত লাল মিয়া শিকদারের ছেলে। পেশায় তিনি একজন সাধারণ সাইকেল মেকানিক ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, ফুসফুস ও কিডনিজনিত জটিলতায় ভুগে তার কিডনি ও ফুসফুস প্রায় অকেজো হওয়ার পথে। গত প্রায় তিন মাস ধরে তিনি বিছানায় পড়ে আছেন। অর্থাভাবে উন্নত চিকিৎসা দূরে থাক, নিয়মিত ওষুধ কেনা এবং দুবেলা খাবার জোগানোর মতো ন্যূনতম সামর্থ্যও আজ তার নেই।
​জানা গেছে, আকরাম শিকদারের কোনো পুত্রসন্তান নেই। একমাত্র কন্যাসন্তান থাকলেও গরিব পরিবারে বিয়ে হওয়ায় বৃদ্ধ বাবার চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। এই চরম দুর্দিনে কেবল পাশে রয়েছেন তার অসহায় স্ত্রী, যিনি সাধ্যমতো সেবা-যত্ন করে যাচ্ছেন। চিকিৎসার পেছনে শুরুতে যা কিছু জমানো পুঁজি ও সম্বল ছিল, তা পরীক্ষা-নীরিক্ষা করতেই শেষ হয়ে গেছে। বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা রোড টিঅ্যান্ডটি অফিসের পাশে একটি টিনশেড ঘরে চরম মানবেতর জীবনযাপন করছেন এই দম্পতি।
​অসহায় ও অবহেলিত আকরাম শিকদার অর্থাভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে এখন মৃত্যুর প্রহর গুনছেন। সমাজের বিত্তবান, দয়াশীল ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সামান্য সহযোগিতাই বাঁচাতে পারে এই মুমূর্ষু মানুষটির প্রাণ। আপনাদের একটু সহানুভূতি ও আর্থিক সহায়তা ফিরিয়ে দিতে পারে আকরাম শিকদারের সুস্থ জীবন।


​সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগের মাধ্যম:
​নাম: আকরাম শিকদার
​বিকাশ নম্বর (সরাসরি যোগাযোগ ও সহায়তা): 01940-939582
​আপনার বাড়িয়ে দেওয়া একটি সহযোগিতার হাত এবং সামান্য সহানুভূতি বাঁচাতে পারে আকরাম শিকদারের জীবন। আসুন, এই অসহায় মানুষটির পাশে দাঁড়াই।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *