​নিজস্ব প্রতিবেদক: সুমাইয়া সামিরা, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ক্লাসরুমের সামনের বারান্দায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে ৯ জন শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

​ঘটনার সূত্রপাত যেভাবে,
গত ৬ অক্টোবর দুপুরে স্কুলের টিফিনের পর ক্লাসরুমের সামনের বারান্দায় অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী সমবেত হয়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেয়। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

​তদন্ত কমিটি ও চূড়ান্ত সিদ্ধান্ত,
এই ঘটনার পরদিন ৭ অক্টোবর স্কুলের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে বুধবার তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়। এর পরেই বিদ্যালয় কর্তৃপক্ষ ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়।

​ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীরা,
টিসি পাওয়া শিক্ষার্থীরা হলো—স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মো. আলীরাজ, শাহজালাল মুন্সি, কাজী সাইদুল ইসলাম সাইদ, শ্রান্ত মজুমদার, শেখ আব্দুল্লাহ তাসীন, রাইয়ান খান ও রিয়াজুল মুন্সি; অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেজাউল করীম এবং দশম শ্রেণির শিক্ষার্থী সাজিদ কাজী।

​কর্তৃপক্ষের বক্তব্য,
তদন্ত কমিটির প্রধান ও সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন জানান, সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদন বুধবার প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক বলেন, “বিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। তদন্ত কমিটির প্রতিবেদন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দোষী প্রমাণিত শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে। পূজার ছুটির আগে অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হলে তারা টিসি নিতে অস্বীকৃতি জানান এবং জেলা প্রশাসকের কাছে যাওয়ার কথা বলেন। এছাড়া ঘটনার সময় আমি নামাজে ছিলাম। পরে গোয়েন্দা সংস্থা থেকে ফোন পেয়ে এবং অন্যান্য শিক্ষকদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *