শহীদুল ইসলাম প্রতিনিধি, তারাগঞ্জ
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার হাত বাড়িয়ে দেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী হিসেবে শুকনা খাবার, শীত নিবারণের জন্য কম্বল এবং তাৎক্ষণিক নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি সরকারি ও ব্যক্তিগতভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, “দুঃসময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফরিদাবাদ গ্রামে হঠাৎ আগুন লেগে কয়েকটি বসতবাড়ি ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ইউএনও মোনাববর হোসেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
