আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের কৃতি সন্তান, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মাহমুদ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ মে শুক্রবার জুমার নামাজ শেষে মরহুমের নিজ গ্রাম পানাইল মধ্যপাড়া জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। মরহুমের ভাই মো. জাহিদ হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে মিলাদ, বিশেষ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের এতিম, অসহায় ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলহাজ্ব মো. মাহমুদ হোসেন ১৯৪৯ সালে এক রত্নগর্ভা পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। গত ৪ মে ২০২৬ তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্মজীবনে তিনি সাধারণ বীমা কর্পোরেশনের ডিজিএম হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পিতা আলহাজ্ব মহিউদ্দীন আহম্মদ ছিলেন আলফাডাঙ্গা উপজেলার প্রথম এম.এ ডিগ্রিধারী এবং একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। তাঁর পাঁচ ছেলের মধ্যে মাহমুদ হোসেন ছিলেন দ্বিতীয়। তাঁর অন্য ভাইদের মধ্যে বড় ভাই মালিক খসরু বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি, তৃতীয় ভাই সাহাদৎ হোসেন অস্ট্রেলিয়া প্রবাসী, চতুর্থ ভাই জাহিদ হোসেন বিশিষ্ট লেখক ও প্রকাশক এবং কনিষ্ঠ ভাই মনজুর হোসেন বুলবুল বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য।
পারিবারিক এই ঐতিহ্য ও সেবার ধারা বজায় রাখা এই কৃতি সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আলফাডাঙ্গাবাসীসহ দেশবাসীর নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে।

Leave a Reply