আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র হাফিজুর রহমানের (২৫) মরদেহ ঘটনার তিন দিন পর উদ্ধার করা হয়েছে। নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন ধরে কাশিয়ানীতে স্থানীয় সংবাদকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ফরিদপুরের বোয়ালমারী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার সকাল ৯টার দিকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন হাফিজুর। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
অবশেষে মঙ্গলবার বোয়ালমারী উপজেলার মহিশালা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত এক যুবকের পরিচয় শনাক্তের পর জানা যায়, ওই নিখোঁজ যুবকই হাফিজুর রহমান। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত হাফিজুর রহমানের পরিচয়পত্র অনুযায়ী, তাঁর জন্ম তারিখ ০১ অক্টোবর ১৯৯৮ এবং তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭৪৯৩৩৪ আইডি নম্বরের ছাত্র ছিলেন। তাঁর রক্তের গ্রুপ ছিল (O+)।
তরুণ এই সংবাদকর্মী ও মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে গভীর শোক বিরাজ করেছে।

Leave a Reply