মাশরাফি শিকদার : সংবাদদাতা মাগুরা
ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এতে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে টোল আদায়ের পরিমাণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে সোয়া তিন কোটি টাকার বেশি।
রোববার যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত সেতুর পূর্বপাড় থেকে গাড়ি পার হয়েছে ১৮ হাজার ৩৬টি। এর বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। একই সময়ে সেতুর পশ্চিম পাড়ে গাড়ি পার হয় ২৪ হাজার ৩৩৮টি। এতে টোল আদায়ের পরিমাণ ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা। অর্থাৎ মোট গাড়ি পারাপার হয়েছে ৪২ হাজার ৩৭৪টি এবং মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।
প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদের পরে কর্মস্থলে ফেরা মানুষের কিছুটা চাপ এখনো রয়েছে। ২/১ দিনের মধ্যেই গাড়ির চাপ কমে যেতে পারে।
Leave a Reply