নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি
রাঙ্গামাটি পার্বত্য জেলা শহরের বিভিন্ন স্থানে চলমান সরকারি উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে সুপ্রিয় চাকমা নামক এক ইউটিউবারের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। উন্নয়ন কাজের সময় ক্ষতিগ্রস্ত রাস্তার ভিডিও ধারণ করে ঠিকাদারদের ভয়ভীতি প্রদর্শন ও নানা বাহানায় মোটা অংকের টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনার প্রেক্ষাপট
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন এলাকায় ড্রেনেজ সিস্টেম, সুপেয় পানির লাইন, রাস্তা সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। প্রকৌশলগত নিয়ম অনুযায়ী, বড় ধরনের উন্নয়নমূলক কাজ করতে গেলে সংশ্লিষ্ট এলাকার রাস্তা বা আশপাশের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিক। নিয়ম অনুযায়ী, কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান তা পুনরায় মেরামত করে দেয় এবং বর্তমানেও সেই প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযোগের ধরণ
স্থানীয় ঠিকাদার ও তাদের প্রতিনিধিদের অভিযোগ, সুপ্রিয় চাকমা এই সুযোগটিকে কাজে লাগিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছেন। রাস্তা মেরামতের কাজ চলাকালীন তিনি সেখানে গিয়ে ভিডিও ধারণ করেন এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর ভয় দেখান। পরবর্তী সময়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করার বিনিময়ে তিনি ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার প্রতিনিধি বলেন:
”উন্নয়ন কাজ করতে গেলে সাময়িকভাবে রাস্তা একটু ক্ষতিগ্রস্ত হয়, যা আমরা কাজ শেষেই ঠিক করে দিই। কিন্তু সুপ্রিয় চাকমা বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে আমাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন। টাকা না দিলে তিনি নেতিবাচক প্রচারণার ভয় দেখান। তার বিরুদ্ধে এর আগেও নানা ধরণের হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।”
উন্নয়ন কাজে স্থবিরতার আশঙ্কা
রাঙ্গামাটির সচেতন মহল মনে করছেন, সুপ্রিয় চাকমার মতো ব্যক্তিরা যদি ব্যক্তিগত স্বার্থে উন্নয়ন কাজের তদারকির নামে এ ধরনের অপতৎপরতা চালায়, তবে ঠিকাদাররা কাজ করতে নিরুৎসাহিত হবেন। এতে শহরের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পগুলো দীর্ঘসূত্রিতার কবলে পড়তে পারে এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে।
Leave a Reply