মঠবাড়িয়া প্রতিনিধি।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে অবস্থিত মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৩/০৪/২৬ ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। অভিযানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমিত্রা সিনহা।

অভিযান চলাকালে ক্লিনিকটিতে বিভিন্ন অনিয়মের পাশাপাশি একজন ভুয়া ডাক্তারকে সনাক্ত করা হয়। পরে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত ভুয়া ডাক্তার পি. সি. বর্মন-কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া ক্লিনিকের মালিক মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, ক্লিনিকটিতে লাইসেন্স ও যথাযথ অনুমোদন ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এমনকি নিবন্ধনবিহীন ব্যক্তি দ্বারা অপারেশন করার অভিযোগও পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২(১) ধারা অনুযায়ী শুধুমাত্র বিএমডিসি নিবন্ধিত এমবিবিএস চিকিৎসকরাই রোগী দেখার ও চিকিৎসা দেওয়ার অধিকার রাখেন। সংশ্লিষ্ট ভুয়া চিকিৎসকের কোনো বৈধ নিবন্ধন না থাকায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন মহল মনে করছে, প্রশাসনের এ উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply