মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন আগরপুর বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ মে ২০২৬) একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচর থানার চৌকস কর্মকর্তা এসআই (নি.) সুজন বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে আগরপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply