প্রতিনিধি: মোঃ ইব্রাহিম হোসেন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাত আটটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে মোহাম্মদপুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
শনিবার রাতে মোহাম্মদপুর থানা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা সাবেক এই উপাচার্যকে সলিমুল্লাহ রোডের একটি বাসায় দেখতে পেয়ে আটকে রাখেন। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
মোহাম্মদপুর থানার ওসি মো. মেজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “শহিদ আবু সাঈদ হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ড. হাসিবুর রশিদ বাচ্চুকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।”
সাবেক উপাচার্যকে আটকে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের সভাপতি মোঃ বশির উল্লাহ বশির একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের কোনো পলাতক আসামি দেখা মাত্র আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। কারণ ছাত্রদল মবে (Mob Justice) বিশ্বাস করে না; তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জুলাই অভ্যুত্থানের কোনো পলাতক আসামি মোহাম্মদপুরে থাকতে পারবে না। মোহাম্মদপুর থানা ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর ভূমিকা পালন করবে।”
গ্রেপ্তারকৃত অধ্যাপক হাসিবুর রশীদ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) বিভাগের শিক্ষক ছিলেন। ২০২১ সালের জুন মাসে তাঁকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় তিনি ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন এবং আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি হন।

Leave a Reply