কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে কল্যাণ সভা এবং দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা, আবাসন ও অন্যান্য কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সদস্যদের বিভিন্ন দাবিদাওয়া ও সমস্যার কথা শোনেন পুলিশ সুপার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

অপরাধ পর্যালোচনা সভায় গত এক মাসে জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধের তথ্য বিশ্লেষণ করা হয়। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন, চুরি-ডাকাতি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন মামলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অপরাধ দমনে পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশকে সবসময় মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে থানাভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের প্রশংসা করা হয় এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply