কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে বাসায় ফেরার পথে সশস্ত্র হামলার শিকার হয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও দুরবিন নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক ফরহাদ হোসেন রাজ। এ ঘটনায় জেলার সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর কিশোরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ২২-৫-২৬তারিখে শুক্রবার সন্ধ্যার পর দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে রেলস্টেশনের নিচে দুলাল টেইলার্সের পাশের সড়কে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর হামলা চালায়।


অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে তিনি সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।


আহত সাংবাদিক ফরহাদ হোসেন রাজের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় জুম্মন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


তদন্তের অংশ হিসেবে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করছে বলে জানা গেছে। হামলার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সাংবাদিক নেতারা। তাদের ভাষ্য, একজন পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্য হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপরও গুরুতর হুমকি। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনগুলোর মতে, সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বারবার হামলা ও হুমকির মুখে পড়ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও তারা মত দেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা হামলার মূল পরিকল্পনাকারীসহ জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
সচেতন মহলের মতে, কিশোরগঞ্জে একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর প্রকাশ্যে এমন হামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *