আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে:
ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদুল আজহার দিনে জন্মদাত্রী মাকে কোদাল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাকারী ঘাতক ছেলে হুসাইন ওরফে হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার পন্ডিতের বানা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন সকাল ৯টার দিকে তুচ্ছ ঘটনার জেরে নিজ মাকে কোদাল দিয়ে মাথায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করে হোসেন। হত্যাকাণ্ডের পর থেকেই সে গ্রেপ্তার এড়াতে স্থানীয় একটি পাটক্ষেতের ভেতর আত্মগোপন করে ছিল।
আজ শুক্রবার বিকেলে হোসেন নিজ বাড়িতে ফিরে এলে এলাকাবাসী ও গ্রাম পুলিশ কামাল শেখ তাকে টের পেয়ে আটকে রাখেন। পরে থানা পুলিশকে খবর দিলে আলফাডাঙ্গা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে থানা হাজতে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয়দের বক্তব্য:
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আসামিকে ধরার জন্য তৎপরতা চালানো হচ্ছিল। এলাকাবাসী ও গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply