কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসইডিপি,মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও কিশোরগঞ্জ মাধ্যমিক অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রকৌশলী আখতারুজ্জামান বাদল,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ। মেলার উদ্বোধন করে তিনি উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানসম্মত মেলার স্টল পরিদর্শন করেন।

পরে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কমনরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহন করেন। এতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রকৌশলী আখতারুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের সরকারি সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ – উজ-জামান সরকার,রণচন্ডী স্কুল ও কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি বলেন সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ উপজেলায় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার ও উন্নতমানের কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। এ বছর সরকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গত বছরের তুলনায় অনেক বেশি শিক্ষা খাতে বাজেট নির্ধারণ করেছেন। আমরা চাই প্রান্তিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শহর লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হোক। এজন্য সকল প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষা কার্যক্রম বেগবান করতে হবে। আমরা কিশোরগঞ্জ উপজেলাকে এগিয়ে নিতে ইতঃপূর্বে কৃষিতে বিশেষ নজর দিয়েছি। কিশোরগঞ্জ উপজেলার উন্নয়নে দলমত উপেক্ষা করে একসাথে কাজ করতে হবে।

Leave a Reply