সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মারিয়া গ্রামে ছাগল মারাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মিনারা খাতুন নামের এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার অভিযোগ পাওয়া গেছে। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মারিয়া গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেনের পরিবারের সাথে প্রতিবেশী নাসির উদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলছিল।
এই বিরোধের মূল কারণ ছিল একটি ছাগল মারা যাওয়া নিয়ে দুই পরিবারের মধ্যকার দ্বন্দ্ব।
অভিযোগ রয়েছে, গত ১২ জুন সকাল ১০টার দিকে মারিয়া গ্রামের একটি সড়কে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।
পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নাসির উদ্দিন, নাহিদা খাতুন, মানসুরা খাতুন, সালেকা খাতুন ও তহিদা খাতুনসহ অভিযুক্তরা মোয়াজ্জেম হোসেনের পরিবারের ওপর চড়াও হয়।
এ সময় অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে গৃহবধূ মিনারা খাতুনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে তার মাথা ও নাক ফেটে রক্তক্ষরণসহ গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
Leave a Reply