মোঃ জোনায়েদ হোসেন জুয়েল :কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রোববার (১৪ জুন) ইটনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ইটনা থানা এলাকার মধ্য দিয়ে যাতায়াত করছে।
এই তথ্যের ভিত্তিতে ইটনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ১৫ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাগর মিয়া (৩৯), পিতা মো. দুলাল মিয়া, স্থায়ী ঠিকানা শাহাবাজপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ (বর্তমানে মাধবপুর, হবিগঞ্জে বসবাসকারী) এবং মনির হোসেন (২০), পিতা মৃত নাসির মিয়া, বেজোড়া দক্ষিণপাড়া কসবাহাটি, মাধবপুর, হবিগঞ্জ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। অধিকতর অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply