হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ১৫ জুন, ২০২৬
কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মফিজুল হকের ছেলে এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের ওপর মোখলেছুর রহমানসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন—ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করেন। এ সময় তারা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন। পরে ওই ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।