মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, অভিনন্দন ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হক মৃধা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

বক্তব্য রাখেন শিক্ষক একেএম শাকিল আহমেদ, মাওলানা মো. রুহুল আমীন, পারভেজ তালুকদার,গোলাম সরোয়ার রন্জু, নাসরিন আক্তার নীলা,এটিএম কাওছার, মৃন্ময় বিশ্বাসসহ শিক্ষার্থীরা।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফলতা অর্জনের জন্য আন্তরিক অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

অনুষ্ঠানের সভাপতি মো. এনামুল হক মৃধা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জীবনের প্রতিটি ধাপই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। তিনি শিক্ষার্থীদের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

Leave a Reply