আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট পেশ করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী’র পক্ষে বাজেট উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান।
ঘোষিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১৪ কোটি ৫ লাখ ৯৭ হাজার ৮০৭ টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৩ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা এবং সমপরিমাণ খাতের ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার টাকা।
পৌর প্রকৌশলী জাকারিয়া আলমের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সরওয়ার হোসেন।

বাজেট উপস্থাপন শেষে সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। নাগরিকদের মৌলিক সেবা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন খাতে বাস্তবসম্মত বরাদ্দ রাখা হয়েছে।” এই বাজেট সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (হাসিব), উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এস. এম. হাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এই বাজেটকে একটি উন্নয়নমুখী ও জনকল্যাণকেন্দ্রিক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন। এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আলফাডাঙ্গাবাসীর নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
