মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুল (ইংলিশ ভার্সন)-এর উদ্যোগে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন।
সমাবেশে জেলা প্রশাসক বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কেবল পাঠদান কার্যক্রমের ওপর নির্ভর করে না; বরং অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, নিয়মিত যোগাযোগ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত বিকাশ নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পরিবার ও বিদ্যালয়কে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রশ্নপত্রের গুণগত মান বৃদ্ধি, শ্রেণিকক্ষে আধুনিক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ, পাঠদানের পরিবেশ উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো শক্তিশালীকরণ এবং নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং নৈতিক শিক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সমাবেশে অভিভাবকদের বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রত্যাশা মনোযোগসহকারে শোনা হয়। তাঁরা বিদ্যালয়ের পাঠদানের মান, পরীক্ষা পদ্ধতি, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, শিক্ষার্থীদের নিরাপত্তা, সহশিক্ষা কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত অভিভাবকদের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) জনাব জেবুন নাহার শাম্মী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জেসমিন আক্তার। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিপুলসংখ্যক অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, প্রযুক্তিগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ ঘটাতে হবে। এ লক্ষ্য অর্জনে বিদ্যালয়, পরিবার এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
সভায় শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল (ইংলিশ ভার্সন)-কে একটি আধুনিক, যুগোপযোগী ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

Leave a Reply