মো :জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে চলমান “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে যাচ্ছে জেলা পুলিশ। পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে কুলিয়ারচর থানা পুলিশের এক সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ২০২৬ তারিখে কুলিয়ারচর থানা পুলিশের একটি টিম মোবাইল ডিউটি ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভৈরব থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে কুলিয়ারচর থানাধীন উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় কাশেম মিয়ার মুরগির ফার্মের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। কিছুক্ষণ পর সন্দেহভাজন সিএনজি অটোরিকশাটি সেখানে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে প্লাস্টিকের চটের বস্তার মধ্যে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় মোছাঃ রুবিনা খাতুন (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে, যুবসমাজকে রক্ষা করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশের এমন ধারাবাহিক অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে আনছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটাচ্ছে।

Leave a Reply