মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ কমিউনিটি পুলিশিং সভা। সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতৃবৃন্দ, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধিগণ, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা সমাজে বিদ্যমান বিভিন্ন অপরাধ ও সামাজিক অবক্ষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং, চোরাচালান, চুরি, ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়।

বক্তারা বলেন, শুধুমাত্র পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা এবং তথ্য আদান-প্রদানের সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে। কমিউনিটি পুলিশিং সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। এসব সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভার শেষে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয় যে, জনগণকে সঙ্গে নিয়েই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সামাজিক অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করে জনগণের আস্থা অর্জন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply