সাতক্ষীরা প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবিলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুরের বীজ, ১শত খেজুরের চারা এবং চলতি মৌসুমে তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে ‘আমাদের টিম মানবিক পরিবার’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১৫ জুলাই) চরশ্রীপুর থেকে ভাতশালা নতুন বেড়িবাঁধে এই বনায়ন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “উপকূলে তাল-খেজুরের বনায়ন, বজ্রপাত ও জলোচ্ছ্বাস করবে নিয়ন্ত্রণ।”
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরুল ইসলামের সার্বিক নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা।

উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা কমাতে এবং বজ্রপাতজনিত প্রাণহানি রোধে তাল ও খেজুর গাছের ভূমিকা অপরিসীম। ‘আমাদের টিম একটি মানবিক পরিবার’ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় একটি উদ্যোগ গ্রহণ করেছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তহমীর সিদ্দিকী, স্থানীয় ইউপি সদস্য মাধুবী রাণী এবং মাহবুবুর রহমান (বাবলু)।
এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের প্রতিনিধিগণ, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু সাইদ ও জাহাঙ্গীর আলম, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোঃ মনিরুল ইসলাম জানান, উপকূলের মাটিকে শক্ত রাখতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাকে রক্ষা করতে তাঁদের এই পরিবেশবান্ধব ও মানবিক আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা বেড়িবাঁধের দুই ধারে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুরের বীজ ও ১০০টি খেজুরের চারা রোপণ করেন এবং চলতি মৌসুমে তালবীজ রোপণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেন।
Leave a Reply