​মঠবাড়িয়া প্রতিনিধি:

​পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা অভিযোগের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ সমিতির দুই মিটার রিডারকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

​বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ দুই মিটার রিডার হলেন—মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের জাহাঙ্গীর হোসেন (৫০) ও সাব্বির হোসেন (৩০)।

​ভুক্তভোগী গ্রাহক মোহাম্মদ রাসেল জানান, গত জুন মাসে তার বিদ্যুৎ ব্যবহারের বিল ছিল ৮৫ ইউনিট। তবে চলতি মাসে তার মিটারের প্রকৃত রিডিং ১ হাজার ৫৮০ ইউনিট হলেও বিল প্রস্তুতের সময় তা ১ হাজার ৬৬০ ইউনিট দেখানো হয়। এর ফলে অতিরিক্ত ৮০ ইউনিটের বিল যুক্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, ভুল মিটার রিডিংয়ের কারণে এলাকাবাসী প্রায়ই অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা বহন করতে বাধ্য হচ্ছেন।

​ঘটনার পর স্থানীয় গ্রাহকেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভুল রিডিং ও অতিরিক্ত বিলের কারণে তারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এ ধরনের অনিয়মের অবসান এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

​এ বিষয়ে মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আমিনুল ইসলাম সুমন বলেন, “মিটার রিডার জাহাঙ্গীর হোসেন অসুস্থ থাকায় গত মাসে তার ছেলে অস্থায়ীভাবে মিটার রিডিং সংগ্রহ করেছিলেন। সে সময় অনিচ্ছাকৃত একটি ভুল হয়েছে। বিষয়টি ইতোমধ্যে কর্তৃপক্ষের নজরে এসেছে এবং দ্রুত বিল সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।” তিনি গ্রাহকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *