মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় খাস মহল লতীফ ইনস্টিটিউশনের ২০২৬ সালের অর্ধ-বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণির ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রে অসংখ্য ভুল থাকার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে প্রশ্নপত্রে প্রায় ৭০ থেকে ৮০টি ভুল থাকার অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে। সদস্য হিসেবে রয়েছেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটি অভিযোগের সত্যতা যাচাই করবে, প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান অনুসরণ করা হয়েছে কি না তা পরীক্ষা করবে এবং প্রয়োজনীয় মতামত ও সুপারিশসহ একটি তদন্ত প্রতিবেদন আগামী সাত কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেবে।
প্রশ্নপত্রে বিপুল সংখ্যক ভুলের অভিযোগে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে শিক্ষার মান ও প্রশ্নপত্র প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছেন।
এদিকে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর অভিযোগের প্রকৃত চিত্র এবং দায়িত্ব নির্ধারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Leave a Reply