কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১২ জন আহত এবং ২ জন নিহত হয়েছেন।
সরেজমিনে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে কিশোরগঞ্জ উপজেলার কেশবা গ্রামের শরীফ রহমানের মেয়ে সুমাইয়া আফরিনের (১৮) বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বর মোরছালিন ইসলাম (২২) নববধূকে সাথে নিয়ে নিজ বাড়ি সদর উপজেলার কচুকাটার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত আনুমানিক ১টার দিকে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের শহিদুল চেয়ারম্যানের ইটভাটার কাছে পৌঁছালে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি একটি ঈদগাহ মাঠের দেয়ালে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।
খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জীবন রহমান (১) ও এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ হোসেনকে (১৮) মৃত ঘোষণা করেন। এছাড়া আহত নবদম্পতিসহ ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনায় নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
Leave a Reply