মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
”নিরাপদ সড়ক চাই, We Demand Safe Road” প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধ, মানসম্মত হেলমেট ব্যবহার এবং নিরাপদ গতির মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর আহ্বানে আজ ঢাকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. আব্দুস সালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব হাবিবুর রশিদ, এমপি।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রদূত এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, যিনি দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে নিসচার নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) কমিটির নেতৃবৃন্দও সক্রিয়ভাবে অংশ নেন এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করা, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার, সংশ্লিষ্ট সংস্থা এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।
মহাসমাবেশে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply