আলমগীর কবির,
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
”রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ / সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় শুরু হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৬ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, মা মাছ ও পোনা রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের আয়-রোজগারের বিকল্প পথ থাকে না। এই দুর্দিনে জেলেদের ভিজিএফ কার্ড বরাদ্দ না থাকা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের অন্তত দুই বেলা খাবারের নিশ্চয়তা দিতে জরুরি ভিত্তিতে ভিজিএফ কার্ড বরাদ্দ করা প্রয়োজন। দ্রুততম সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ডিও পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রয়োজনে নিজে মন্ত্রণালয়ে গিয়ে জেলেদের এই ন্যায্য অধিকার আদায় করে আনবেন।
আলফাডাঙ্গার মৎস্য খাতের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে এমপি ইলিয়াস মোল্লা বলেন, এই উপজেলায় উৎপাদিত মাছের পরিমাণ স্থানীয় চাহিদার চেয়েও বেশি। সরকার ঘোষিত ‘যার জাল, তার জলাধার’ নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করে জলাশয়গুলো উন্মুক্ত করা গেলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের মোট মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। এ সময় দেশের আমিষের চাহিদা মেটাতে মৎস্য ও কৃষিবিদদের অবদানের প্রশংসা করে তিনি এ খাতে গবেষণা বৃদ্ধি এবং নতুন গবেষক তৈরির তাগিদ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
অনুষ্ঠানে মৎস্যচাষি, খামারি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামান। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় চাষিদের পুরস্কৃত করা হয়।
Leave a Reply