শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
জীবিকার তাগিদে উত্তাল সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জামাল হাওলাদার (৫৮)। গত বুধবার (১৯ আগস্ট) রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) সাগরের ‘সালেক চর’ এলাকায় প্রচণ্ড ঝড়ের মধ্যে জাল ফেলতে গিয়ে ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হন জামাল। ওই সময় ট্রলারের অন্য জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে বুধবার দুপুরে মাছ ধরার জালেই ভেসে ওঠে তাঁর মরদেহ। জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জামাল হাওলাদার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব আমতলী গ্রামের বাসিন্দা এবং মোড়েলগঞ্জ উপজেলা মৎস্য সমিতির সদস্য ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে পূর্ব আমতলী গুচ্ছগ্রামে বসবাস করছিলেন জামাল। সংসারের চরম আর্থিক সংকট মেটাতে জীবনের ঝুঁকি নিয়ে গত ২৫ জুলাই আলম আকনের ট্রলারে করে সাগরে ইলিশ ধরতে যান তিনি।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখন বাকরুদ্ধ জামালের স্ত্রী ও সন্তানরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। স্বামীর আকস্মিক মৃত্যুতে শোকগ্রস্ত স্ত্রী এখন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
জামালের মৃত্যুর খবর পেয়ে জেলা ও উপজেলা মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং এই দুঃসময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার জানান, ঘটনাটি তাঁরা জেনেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার যোগাযোগ করলে বিধি অনুযায়ী সরকারি অনুদান পাওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply