মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-৫২৫২ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জন্মাষ্টমী উদযাপন কমিটি, কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী বী অলীবাড়ী কেন্দ্রীয় মন্দির, কিশোরগঞ্জের সভাপতি বাবু অসীম সরকার বাধন। এছাড়া উপস্থিত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক বাবু নারায়ণ দত্ত প্রদীপ ও সদস্য সচিব বাবু জীবন চন্দ্র দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের কালিবাড়ি এলাকা থেকে বের হয়ে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিবাড়িতে এসে শেষ হয়। শোভাযাত্রায় ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, ধর্মীয় সঙ্গীত ও বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে অংশ নেন।
বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানবজাতিকে সত্য, ন্যায়, শান্তি ও সম্প্রীতির পথে চলার শিক্ষা দেয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তারা সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Leave a Reply