আলমগীর কবির,
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
মাদকবিরোধী কঠোর অভিযানে ফরিদপুরের আলফাডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে আলফাডাঙ্গা থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দ:) ও সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাদেরকে এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
চান মিয়া (৩২): পিতা- মফিজুর রহমান, গ্রাম- মুসলিমপাড়া, আলফাডাঙ্গা পৌরসভা (৬ মাস কারাদণ্ড)।
আব্দুল্লাহ (২৮): পিতা- আলী মোল্লা, গ্রাম- মিঠাপুর, আলফাডাঙ্গা পৌরসভা (৬ মাস কারাদণ্ড)।
নাইম শেখ (২৪): পিতা- নাজিম শেখ, গ্রাম- কুচিয়াগ্রাম, গোপালপুর ইউনিয়ন (৩ মাস কারাদণ্ড)।
ইমরুল মোল্লা (৩৮): পিতা- লুৎফর মোল্লা, গ্রাম- কুচিয়াগ্রাম, গোপালপুর ইউনিয়ন (৩ মাস কারাদণ্ড)।
সৈয়দ নাফিজুর রহমান জয়: পিতা- সৈয়দ মামুন, গ্রাম- কুচিয়াগ্রাম, গোপালপুর ইউনিয়ন (৭ দিন কারাদণ্ড)।
অভিযানের বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ওই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও স্পষ্ট করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং যুব সমাজকে রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ প্রশাসনের এমন তৎপরতা ও কঠোর পদক্ষেপ এলাকার সচেতন মহলে স্বস্তি ফিরিয়ে এনেছে। মাদকের অন্ধকার জগৎ থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনতে এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই জোরালো ভূমিকা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
Leave a Reply