কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকালে (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী সমাজকর্মী সাংবাদিকদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার পূর্বে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রচার করা হয়।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সকলের মতামত ও বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ,সহকারী কমিশনার (ভূমি) তনিমা জাহান তন্বী, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম,উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন,কিশোরগঞ্জ উপজেলার মানুষকে সচেতন করার লক্ষ্যে গ্রামে গ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতনতার সাথে কাজ করতে হবে। ডেঙ্গু থেকে বাঁচতে হলে বসত বাড়ীর ময়লা আবর্জনা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে একটি র্যালী বের করা হয় এবং উপজেলা পরিষদের আবর্জনা ও ঘাস কেটে ফেলা হয়।#

Leave a Reply