শেফালী আক্তার রাখি,
মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে ডালিম মল্লিকের নানামুখী অপরাধ কর্মকাণ্ডে অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।
(২৮ সেপ্টেম্বর সোমবার) বেলা ১২টায় কলেজ বাজার এলাকায় স্থানীয় গ্রামবাসীদের আয়োজনে এ মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের পর থেকে বহরবুনিয়া গ্রামের ডালিম মল্লিক বেপরোয়া হয়ে এলাকার শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করে তুলছে। জোরপূর্বক একাধিক মৎস্য ঘের থেকে মাছ লুট, চাঁদা দাবি, হিন্দু পাড়ার বাসিন্দাদের রাতের আঁধারে অনাধিকার গৃহে প্রবেশ করে নারীদের সাথে দুর্ব্যবহার, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতে ইভটিজিং। প্রকাশ্যে চানমিয়া জোমাদ্দার ও তার ছেলে রাজিব জোমাদ্দারকে মারধর করে গুরুতর জখম করে, নূরুল ইসলাম নামের এক কৃষকের ৪০ শতক জমিতে জোরপূর্বক লাল পতাকা টাঙিয়ে ফসলি জমিতে ফসল বুনতে দেয়নি। ইতোমধ্যে ডালিম মল্লিকের বিচার চেয়ে স্থানীয় ৮০ জন গ্রামবাসী গণস্বাক্ষরসহ থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সর্বশেষ রবিবার ২৭ সেপ্টেম্বর বহরবুনিয়া গ্রামের বাসিন্দা শুকুর জোমাদ্দারের মেয়ে রওশন আরা ডিগ্রি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্রী সাদিয়া আক্তার মোরেলগঞ্জ শহরে আসলে তাকে উত্যক্ত করে, তার সাথে অশ্লীল ব্যবহার ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ডালিম মল্লিক নামের ঐ যুবককে ধরে থানায় সোপর্দ করে। এ ঘটনায় কলেজ শিক্ষার্থী সাদিয়া আক্তার বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ডালিম মল্লিক বর্তমানে জেলহাজতে রয়েছেন। ভুক্তভোগী গ্রামবাসীরা মানববন্ধন থেকে ডালিম মল্লিকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন ঊর্ধ্বতন প্রশাসনের নিকট।

মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন ওমর আলী শেখ, শুকুর জোমাদ্দার, ইলিয়াস ফরাজী, নাদিম হোসেন, আব্বাস মোল্লা, খোকন তালুকদার, কালাম মোল্লাসহ অনেকে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, “কলেজছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় তাৎক্ষণিক মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় যুবক ডালিম মল্লিককে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
Leave a Reply