আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের আলফাডাঙ্গায় পৈত্রিক সম্পত্তি দাবি করায় ইরানী বেগম (৫৫) নামের এক বোনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই নারী প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
গত ২৭ অক্টোবর ২০২৬ ইং তারিখ মঙ্গলবার বিকেলে উপজেলার চরডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী নারীর মেয়ে সবিতা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে সোহেল মোল্যা (৩৫), রুবেল মোল্যা (৩২), লাভলু মোল্যাসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি নিয়ে আসামিদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। ওই বিরোধ নিষ্পত্তির জন্য ঘটনার দিন বিকেলে ১নং আসামির বাড়ির উঠানে একটি ঘরোয়া সালিশ বসে। সালিশে ইরানী বেগম ও তাঁর মেয়ে সবিতা তাদের প্রাপ্য জমির অংশ দাবি করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে আসামিদের হুকুমে সোহেল মোল্যা তাঁর হাতে থাকা ধারালো রামদা দিয়ে ইরানী বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেন। তিনি মাথা নিচু করলে কোপটি তাঁর মাজারে লাগে। পরে রুবেল মোল্যা রামদা দিয়ে মাজার অংশে পুনরায় আঘাত করেন এবং লাভলু মোল্যা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। এ সময় মাকে বাঁচাতে গেলে মেয়ে সবিতাকেও মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ জানায়, অভিযোগটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে।