​মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

রাজধানীর উত্তরায় মাদক বিক্রির তীব্র প্রতিবাদ করায় এক সাংবাদিককে ছুরিকাঘাত করেছে মাদক কারবারিরা। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
​হামলার শিকার সাংবাদিকের নাম আব্দুল্লাহ আল মাহমুদ (৪৩)। তিনি ‘মুক্তমন’ পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
​আহত সাংবাদিক মাহমুদ জানান, অভিযুক্ত মাদক বিক্রেতা ওই এলাকায় তাঁকে মাদক কেনার প্রস্তাব দেয়। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, নগদ ২ হাজার ১০০ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে তল্লাশির একপর্যায়ে উক্ত মাদক বিক্রেতা কোমরে লুকিয়ে রাখা ‘সুইচ গিয়ার’ ছুরি দিয়ে সাংবাদিক মাহমুদের ওপর হামলা চালিয়ে দ্রুত সটে পড়ে।


​সংবাদ পেয়ে উত্তরা পূর্ব ও দক্ষিণখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত গাঁজা, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিজেদের হেফাজতে নেয়।
​ঘটনাস্থলে উপস্থিত উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আমির খসরু বলেন, “ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরা এলাকার মাদকের আস্তানাগুলো সম্পূর্ণরূপে নির্মূলে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।”


​এদিকে এ ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা উত্তরা ৮ নম্বর সেক্টরের রেললাইন এলাকাকে মাদক ও ছিনতাইমুক্ত করতে প্রশাসনের সরাসরি ও জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এই ন্যক্কারজনক হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *