রংপুর প্রতিনিধি:
রংপুর-২ আসনের তৎকালীন সংসদ সদস্যের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে বহুল প্রচলিত প্রাচীনতম জাতীয় দৈনিক ‘সংবাদ’-এর তারাগঞ্জ প্রতিনিধি ও তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় মামলাকারীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত দিনে তারাগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের দেবী মা দুর্গার অবমাননা করে পোস্টার লাগানোর ঘটনা ঘটে। তৎকালীন সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউকের নির্দেশ ও তাঁর দলীয় নেতাকর্মীদের দ্বারা এই অবমাননাকর পোস্টার বিভিন্ন স্থানে সাঁটানো হয়, যা নিয়ে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তৎকালীন এমপির পদত্যাগ দাবি করে পূজা উদযাপন কমিটি এবং বিভিন্ন পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই সময় সংবাদ প্রকাশের জেরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৎকালীন সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক তাঁর অনুসারী ও তারাগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মাহে আলম সরকার জুয়েলকে বাদী করে সাংবাদিক আশরাফুল ইসলামের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করান। বর্তমান সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে করা সেই মিথ্যা মামলাটি এখনও রংপুর তারাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলমান রয়েছে।
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে একজন পেশাদার সাংবাদিকের ওপর এমন হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন এলাকাবাসী। বর্তমান প্রশাসনের কাছে অবিলম্বে এই মিথ্যা মামলা খারিজ করে এর নেপথ্যে থাকা কুশীলব ও মামলাকারীর বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তাঁরা। এ ঘটনায় তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, “তৎকালীন সময়ে আওয়ামী সরকারের অনিয়ম নিয়ে পত্রিকায় এক লাইন লেখার মতো রিপোর্টার তারাগঞ্জে ছিল না। বর্তমান সময়ে কিছু নতুন রিপোর্টার নিজেদের জুলাই যোদ্ধা সাংবাদিক অথবা বিএনপির দলীয় সাংবাদিক বলে বিভিন্ন দপ্তরে গিয়ে দাপট দেখাচ্ছেন, অথচ বর্তমান সরকারের দুঃসময়ে তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পক্ষান্তরে, সাংবাদিক আশরাফুল তৎকালীন সময়ে আওয়ামী সরকারের এমপি, দলীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতার নানা অনিয়মের সমালোচনা করে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করেছেন। সেই আক্রোশেই আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে ওই মিথ্যা মামলা দায়ের করে সাংবাদিক আশরাফুলকে হয়রানি করা হচ্ছে।” তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সরেজমিন তদন্ত সাপেক্ষে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলা আনয়নকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। উপজেলার হাড়িয়াকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, “এটা আমরা নির্ভয়ে বলতে পারি, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দুঃসময়ে আওয়ামী পন্থী নেতাদের অনিয়ম নিয়ে একাধিক সমালোচনা করে প্রতিবেদন করেছেন সাংবাদিক আশরাফুল। এটি শুধু আমার মুখের কথা নয়, এর প্রমাণ তো আর্কাইভ বা ফাইলপত্রেই রয়েছে।”
