সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সাম্প্রতিক ঝড়ে এক অসহায় ভ্যানচালকের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের ধুন্দার ৭ নং ওয়ার্ডের সোনাই পুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঝড়ের তাণ্ডবে মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ভ্যানচালক সাহেব আলীর পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহেব আলীর মাটির দেয়াল ও টিনের তৈরি বসতঘরটি ঝড়ের তীব্র বাতাসে ভেঙে পড়ে। ঝড়ের তাণ্ডবে ঘরের টিন, বাঁশ ও ভেতরের পুরো কাঠামো দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। বর্তমানে পরিবারটির মাথা গোঁজার মতো কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই।
ঘর হারিয়ে অসহায় সাহেব আলী বিষয়টি স্থানীয় বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান জিয়াকে অবহিত করেন। খবর পেয়ে চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র দেখে ব্যক্তিগত পক্ষ থেকে প্রাথমিকভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত সরকারি বরাদ্দের আওতায় এনে স্থায়ী ঘর ও অন্যান্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।
পরিদর্শনকালে চেয়ারম্যানের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, আবু সাঈদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এলাকাবাসী জানান, দিনমজুর ও ভ্যানচালক সাহেব আলী দিন এনে দিন খান। তার পক্ষে নিজের জমানো টাকা দিয়ে নতুন করে ঘর নির্মাণ করা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব নয়। তাই মানবিক বিবেচনায় সমাজের বিত্তবান ব্যক্তি, সমাজসেবক, দানশীল প্রতিষ্ঠান ও হৃদয়বান মানুষের প্রতি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর এবং ঘর নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন তারা।

Leave a Reply