আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় যোগীবরাট ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জন নিহতের ঘটনায় ঘটনাস্থল সশরীরে পরিদর্শন করেছেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মনিরুল হক।
শনিবার (২০ জুন) তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও নিহতের পরিবারের খোঁজখবর নিয়ে তাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
গত বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত চারটার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট ভেন্নাতলা বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ভয়াবহ এই আগুন নেভাতে গিয়ে সেখানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
পরিদর্শনকালে সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মনিরুল হক বলেন, “এই অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। আগুনে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়, আর বাবুল মোল্যার অকাল মৃত্যু পুরো এলাকার জন্য এক বড় শোক। আমরা সাধ্যমতো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি এবং তাদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা করা হবে।”
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন।
Leave a Reply