মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (গণিত) এবং কটিয়াদী উপজেলার হাজী শামসুউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক বিএসসি শিক্ষক (গণিত) বাবু জীবন চন্দ্র সরকার আর নেই। তিনি আজ সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়সহ সমগ্র শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ শিক্ষক হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন এবং শিক্ষার্থীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন।
সহকর্মীরা জানান, বাবু জীবন চন্দ্র সরকার ছিলেন অত্যন্ত সজ্জন, বিনয়ী ও বিদ্যালয়ের জন্য নিবেদিতপ্রাণ একজন মানুষ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় এগিয়ে আসতেন। তাঁর কর্মনিষ্ঠা, মানবিকতা এবং শিক্ষার প্রতি অগাধ ভালোবাসা তাঁকে সবার হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।
তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই বলেন, “স্যার এভাবে চলে যাবেন, তা আমরা কখনো ভাবিনি। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। শিক্ষাঙ্গনে তাঁর অবদান ও স্মৃতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

Leave a Reply