মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টার:
আসন্ন ৩নং দেউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে বসবাসরত ওই ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে একটি বিশেষ নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) মাগরিবের নামাজের পর রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ের ৩ নম্বর রোডে অবস্থিত হামিম মডেল স্কুলে এই সভার আয়োজন করা হয়।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার অন্তর্গত ৩নং দেউলা ইউনিয়নের ঢাকাস্থ বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও তরুণ প্রজন্মের আইকন মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ। তিনি আসন্ন দেউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভায় বক্তারা দেউলা ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ঢাকাস্থ দেউলা ইউনিয়নের বিপুল সংখ্যক ভোটার ও সাধারণ জনগণ উপস্থিত থেকে চেয়ারম্যান প্রার্থী মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজকে সমর্থন জানান এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের মূল্যবান সমর্থন ও দোয়া নিয়ে আমি দেউলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত মডেল ইউনিয়নে পরিণত করতে চাই। আপনাদের পাশে পেলে আমরা সবাই মিলে একটি বাসযোগ্য ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সক্ষম হব।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের বিপদে-আপদে কার্যকরভাবে পাশে থাকার উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি মনে করেন, এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের আইনি ও প্রশাসনিক নানা সমস্যা সমাধানে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। আজীবন বিএনপির আদর্শের প্রতি অগাধ ভালোবাসা থাকলেও, মূলত এলাকার মানুষের নিঃস্বার্থ সেবা করার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের গুজব, হামলা-মামলা বা প্রভাবশালী মহলের চাপের আশঙ্কা থাকলেও ভোটের মাঠ না ছাড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
জনগণকে আশ্বস্ত করে মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ জানান, নির্বাচিত হলে তার কাছে পৌঁছাতে কোনো মাধ্যম বা ‘ভায়া’র প্রয়োজন হবে না। তিনি সবসময় ভাই, বন্ধু ও সন্তান হিসেবে সরাসরি জনগণের কাছাকাছি থাকবেন। অর্থ বা ক্ষমতার জোর না থাকলেও কেবল সাহসের ওপর ভর করে মানুষের সেবা করতে চান তিনি। এ কারণেই যেকোনো পরিস্থিতিতে তিনি জনগণের ঐক্যবদ্ধ সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় ঢাকাস্থ দেউলা ইউনিয়নবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন উপস্থিত ভোটার ও স্থানীয় বিশিষ্টজনেরা।
Leave a Reply