কুদ্দুস আলী বিশ্বাসের হাত ধরে আনুষ্ঠানিক যোগদান, দলীয় কার্যালয়ে স্বাগত জানালেন বিএনপি নেতারা
তরিকুল ইসলাম,
বিশেষ প্রতিনিধি।
যশোরের শার্শার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ২০ পরিবারের ৬০ জন সদস্য। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের হাত ধরে এসব পরিবারের সদস্যরা বিএনপিতে যোগদান করেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
যোগদানকারীদের মধ্যে মনিরুল হক, জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনে হেনা (বা হাসনাহেনা), রূপালী, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনাসহ ২০ পরিবারের সদস্য রয়েছেন।
যোগদানকারীরা বলেন, “আমরা নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে চিন্তাভাবনা করেই বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে বিএনপির সঙ্গে থেকে মানুষের পাশে থাকতে এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চাই।”
তাঁরা আরও বলেন, স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যাশা রয়েছে তাঁদের।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সিনিয়র সহসভাপতি শাহজাহান কবির, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু এবং বিএনপি নেতা ইসমাইল হোসেন।
এ সময় বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান। তাঁদের অংশগ্রহণে বাগআঁচড়ায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
Leave a Reply