আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া ও দিগনগর এলাকায় মধুমতি নদীর তীব্র ভাঙন রোধে এবং জনপদ রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চরখোলাবাড়িয়া ও দিগনগর গ্রামবাসীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নদীভাঙনের কবলে পড়ে চরম নিরাপত্তাহীনতায় থাকা স্থানীয়রা ক্ষোভ ও আকুতি নিয়ে মানববন্ধনে অংশ নেন। ভাঙনের মুখে থাকা ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-হেরা দাখিল মাদরাসা, স্থানীয় মসজিদ, ঈদগাহ মাঠ, গোরস্থান, মোখছেদ মোল্লা এতিমখানা, পোস্ট অফিস এবং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে অসংখ্য বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি।

মানববন্ধনে বক্তারা বলেন, মধুমতির ভয়াল গ্রাসে প্রতিনিয়ত ছোট হয়ে আসছে এলাকার জনবসতি। ভাঙন রোধে দ্রুত স্থায়ী ও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া না হলে এলাকার মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে চরখোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ এসব স্থাপনা। গৃহহীন হয়ে পড়ার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে শত শত পরিবারের।
এ সময় নদীভাঙন রোধে অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানান এলাকাবাসী।
কর্মসূচিতে বিশেষ দোয়া ও বক্তব্য দেন আল-হেরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রব, সহকারী শিক্ষক মো. সেকেন্দার খাঁন, চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর খাঁন, উপজেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রবিউল মিয়া এবং আল-হেরা দাখিল মাদ্রাসা কমিটির সদস্য মো. জাহিদুর রহমান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply