মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে ব্যবসায়ী অঙ্গন। নির্বাচনী প্রচারণায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলোয়ার হোসেন দিলু।
তিনি আরজু–দিলু–আলমগীর পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেলোয়ার হোসেন দিলু বলেন, বড় বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও প্রতিকূলতার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীদের এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, “বড় বাজারের ব্যবসায়ীদের কল্যাণই আমাদের প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, সাধারণ ব্যবসায়ীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে একটি শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর ব্যবসায়ী সমিতি গড়ে তুলতে চাই।”

দিলু আরও বলেন, ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমিতির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। বাজারের শৃঙ্খলা, নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বাড়াতেও উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে আরজু–দিলু–আলমগীর পরিষদ ইতোমধ্যে বড় বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে। পরিষদের প্রার্থীরা ব্যবসায়ীদের আস্থা ও সমর্থন নিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে বড় বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নির্বাচনকে সামনে রেখে সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব এমন একটি কার্যকর সমিতি গড়ে তুলবে, যেখানে তাদের সমস্যা দ্রুত সমাধান, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং বাজারের সার্বিক উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব পাবে।
ব্যবসায়ী মহলের মতে, এবারের নির্বাচনে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের প্রতিশ্রুতির পাশাপাশি ব্যবসায়ীদের পাশে থাকার সক্ষমতা, গ্রহণযোগ্যতা ও বাস্তবসম্মত পরিকল্পনাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply