শহীদুল ইসলাম, তারাগঞ্জ প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও বিদেশে ভুয়া ভিসা দেওয়ার নামে প্রতারণাকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রাত ১০:৪৫ মিনিটের দিকে তারাগঞ্জ থানার এসআই (নি:) মাহবুব হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারাগঞ্জ থানাধীন নতুন চৌপতি মহাসড়কস্থ ডালিয়া ক্যানেল ব্রিজের পূর্ব প্রান্তের মহাসড়কের দক্ষিণ-পূর্ব কোণে কতিপয় ব্যক্তি জড়ো হয়ে অনলাইন ক্যাসিনো, জুয়া এবং অস্ট্রেলিয়া ও কানাডাসহ বিভিন্ন দেশে ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অপরাধীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মৃত আজমীর হোসেনের পুত্র বশীর মাহমুদ আলিফ (২১)-কে হাতেনাতে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত বশীর মাহমুদ আলিফের দেহ তল্লাশি করে ক্যাসিনো ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন এবং বিভিন্ন ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে বশীর তার সহযোগী অন্য পলাতক আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করেছে।
এ ঘটনায় গতকাল ১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে তারাগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।
Leave a Reply