মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন মোহাম্মদপুর জোনের এসি মোঃ আবদুল্লাহ আল মামুন, পিপিএম। একই ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্লা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায়’ বিজয়ী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ ফারুক হোসেন। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শ্রেষ্ঠ কর্মকর্তা ও ইউনিটগুলোর তালিকা তুলে ধরেন।
ডিএমপির সেপ্টেম্বর ২০২৬ মাসের এই মূল্যায়নে সামগ্রিক পারফরম্যান্সের বিচারে মিরপুর বিভাগ শ্রেষ্ঠ বিভাগের মুকুট লাভ করেছে। পাশাপাশি, নগরীর শ্রেষ্ঠ থানার মর্যাদা অর্জন করেছে মিরপুর মডেল থানা। থানাগুলোর তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আদাবর থানা এবং তৃতীয় স্থান লাভ করেছে উত্তরা-পশ্চিম থানা।
পুরস্কার বিতরণী বক্তব্যে ডিএমপি কমিশনার বিজয়ী কর্মকর্তা ও ইউনিটসমূহকে অভিনন্দন জানান। একই সাথে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে পুলিশের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
Leave a Reply