মো:জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নির্বাচনি পরিবেশে স্থানীয় পর্যায়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় বগাদিয়া বিন্নাগাঁও স্কুল প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন উপস্থিত বক্তারা।
সমাজসেবক আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলু মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শুক্কুর আলী এবং সমাজসেবক আবুল কাশেম। এ ছাড়া বক্তব্য রাখেন শাহীনুল ইসলাম শাহীন, ইসমাইল হোসেন, আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আতাউল হাসান দিনার।

সভায় ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম উপস্থিত থেকে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তাঁকে ঘিরে আয়োজিত এ আলোচনায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নত যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা উঠে আসে।
বক্তারা বলেন, একটি ইউনিয়নের টেকসই উন্নয়নে জনসাধারণের মতামতকে গুরুত্ব দেওয়া, নাগরিক সমস্যা চিহ্নিত করা এবং উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সততা, যোগ্যতা, জনসম্পৃক্ততা ও দায়িত্বশীলতার বিষয়গুলো বিবেচনায় রাখার ওপরও তাঁরা গুরুত্ব দেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম সভায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে তাঁদের প্রত্যাশা ও পরামর্শ শোনেন। তিনি এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এ ধরনের আলোচনা সভা স্থানীয় জনগণের মতামত প্রকাশ এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করছে। এখন স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা তাঁদের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবেন, যাতে ভোটাররা তথ্যভিত্তিক ও সচেতন সিদ্ধান্ত নিতে পারেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply